চট্টগ্রাম প্রতিনিধি : ঈদের ছুটি শুরু হয়েছে, আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট—এমন স্বস্তির খবরেই ঘরমুখো যাত্রীদের মুখে হাসি ফুটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়। দুপুর পর্যন্ত মহাসড়কের কোথাও যানজট দেখা যায়নি। যদিও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবুও সড়ক ছিল স্বাভাবিক। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ির সংখ্যা কমে যাওয়ায় চাপও কমেছে।
মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীতাকুণ্ডের সিটি গেইট থেকে ধুমঘাট ব্রিজ পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবৈধ দোকান উচ্ছেদ, ফিটনেসবিহীন গাড়ি জব্দ, তিন চাকার যান আটক এবং ছিনতাই রোধে কুইক সার্ভিস টিম প্রস্তুত রয়েছে। দুর্ঘটনায় জরুরি সেবা দিতে রেকার, অ্যাম্বুলেন্স ও মোবাইল টিমও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
চয়েস বাসের চালক জসীম উদ্দিন জানান, বিগত সপ্তাহে ফিলিং স্টেশন ও সীতাকুণ্ড এলাকায় যানজট ছিল। তবে এবার রাস্তা তুলনামূলক ফাঁকা।
উত্তরা বাসের যাত্রী আবু নছর বলেন, মাদারবাড়ি থেকে মস্তাননগর পৌঁছাতে দেড় ঘণ্টা লেগেছে, কোথাও যানজট ছিল না।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, মহাসড়কে ঈদযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ চলছে। নিষিদ্ধ তিন চাকার যান আটক করা হচ্ছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, এবার ঈদযাত্রা একেবারেই নির্বিঘ্ন, কোনো যানজট বা অপ্রীতিকর ঘটনা নেই।