মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গা আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি : ২০২০ সালের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত আলোচিত চার খুনের মামলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাফ উদ্দিন আসিফ এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, ২০২০ সালের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত আলোচিত চার খুনের মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সকালে কঠোর নিরাপত্তায় আতাউল্লাহ জুনুনিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানাগেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেপ্তার করে।