বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯ শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলা চলমান থাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকা লেনদেনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করায় দুর্নীতি প্রতিরোধ আইন ও  মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর শুরু থেকে হালনাগাদ আয়কর নথি ও তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।