নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম নতুন চাকরি পেয়েছেন।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ অবস্থায় বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন দায়িত্বের কথা প্রকাশ করেন শফিকুল আলম। তিনি লিখেছেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”
উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।