পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হওয়ায় পটুয়াখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও অন্যান্য অঙ্গসংগঠনের আয়োজনে শহরের ছোট চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বাদ্যের তালে তালে নেচে উল্লাস প্রকাশ করেন গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
উচ্ছ্বাসমুখর অবস্থায় তারা জানান, ২০১৮ সালে কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে নুরুল হক নুরের উত্থান হয়। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে রাজনীতিবিদ, এমপি ও মন্ত্রী নির্বাচিত হন। তার এই সফলতা পটুয়াখালীবাসীর জন্য গর্বের। তাই পটুয়াখালীবাসী আজ আনন্দিত। পরে ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের ঝাউতলা-সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে কেক কাটা হয়।