শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২ রমজান, ১৪৪৭ হিজরি

রমজানের প্রথম দিনেই চড়া পেঁয়াজের দাম

অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অস্থির হয়ে উঠেছে। সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের পেঁয়াজ কোনো দোকানেই ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আকারে ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, গত দুই-তিন দিন ধরেই দাম বাড়ছে। মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং চাহিদা বাড়ার কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মোকামে কয়েক দফা দাম বাড়ায় খুচরা পর্যায়ে সমন্বয় ছাড়া বিকল্প নেই। রমজানকে কেন্দ্র করে পাইকারি বাজারে চাহিদা বাড়ায় খুচরা বাজারেও চাপ তৈরি হয়েছে।

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই ব্যবসায়ীরা সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। মারুফ হোসেন নামে এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি, আজ একই পরিমাণের জন্য চাইছে ১২০ থেকে ১৩০ টাকা।”

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, “দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। আমার ছোট পরিবার, সপ্তাহখানেক চলে যাবে। তারপর তো বেশি দামেই কিনতে হবে। রোজার সময় দাম বাড়বে এটা জানতামই, ব্যবসায়ীরা রোজা আসলেই দাম বাড়িয়ে দেয়।”