শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২ রমজান, ১৪৪৭ হিজরি

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলবে স্বাভাবিক গতিতে”

আদালত প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা গতকাল হয়তো দেখেছেন আইনমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশাকরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, সরকার সুনির্দিষ্টভাবে কিছু না বললেও কার্যক্রম চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। তিনি যোগ করেন, “যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি।”

এদিন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মিরপুর এলাকার শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। তারা আদালতে শহীদ দুইজনের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন।