নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেয় ১৭ ফেব্রুয়ারি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন এমপির শপথ অনুষ্ঠিত হয়েছে। এখন শুরু হয়েছে সংসদে অধিবেশনের প্রস্তুতি।
বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সংসদ ডাকলে প্রথম বৈঠক কখন ও কোথায় হবে সেটাও তিনিই ঠিক করেন। তবে তিনি নিজের ইচ্ছায় করেন না, প্রধানমন্ত্রী লিখিতভাবে যা পরামর্শ দেবেন, সে অনুযায়ী করতে হয়।
কতদিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে সেক্ষেত্রে অবশ্য সময় বেধে দেওয়া আছে সংবিধানেই। ৭২ ধারার ২ নম্বর উপধারায় বলা আছে, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক ডাকতেই হবে।
ত্রয়োদশ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৬ মার্চের মধ্যে সংসদের প্রথম বৈঠক হতেই হবে। রোজার মধ্যেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।