বরিশাল প্রতিনিধি : ওয়েজ বোর্ডকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম খাতের সমস্যা সমাধানে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।
শনিবার মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “গণমাধ্যমের সমস্যা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ওয়েজ বোর্ডকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করছি। যত দ্রুত সম্ভব এটিকে সময়োপযোগী করতে চাই। সাংবাদিকদের যেকোনো সমস্যা আমরা দ্রুত সমাধান করতে চাই।”
চলতি মাসেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সরকারের এই ঘোষণা বাস্তবায়নে কাজ চলছে।
এ সময় মব প্রসঙ্গে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “একটি মহলকে আমরা দেখি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও কেউ কেউ গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করেন। সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে আছে। তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালনা করতে হয় তা আমরা জানি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।”
এদিকে বরিশাল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “কোয়ালিটি সাংবাদিকরা জানেন কোনটা প্রকাশ করতে হয় আর কোনটা ব্যক্তিগত রাখতে হয়। যে সাংবাদিক তাঁর সোর্সের কাছে আস্থা অর্জন করতে পারেন, তাঁর পেশার উন্নতি হবেই। কিছু রিপোর্টার ছোটখাটো বিষয় পেলেই প্রকাশ করেন। কোন খবর প্রকাশ করা উচিত আর কোনটা নয়—সে বিষয়ে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছি।”