সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর নির্দেশের দিনে পিলখানা ট্রাজেডি নিয়ে সিনেমা ঘোষণা

বিনোদন ডেস্ক : দেশাত্মবোধক গল্পে নির্মিত ‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘ওরা ৭ জন’-এর মতো প্রশংসিত সিনেমার পরিচালক খিজির হায়াত খান এবার আলোচিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্মাতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, “দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী যখন পিলখানা নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলেন, আমার তখন পিলখানা নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ হলো। আশা করি সিনেমাটি নির্মাণ শেষে দেশের মানুষকে দেখাতে কোনো বাঁধার সম্মুখীন হতে হবে না। আমরা আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচারটা শুধু দেখতে চাই আর তাদের উপর হওয়া অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে দেখাতে চাই।”

তবে ছবিটির বিস্তারিত তথ্য বা অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করেননি তিনি।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের একটি গ্রুপ বিদ্রোহ করে। ওই ঘটনায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ২০২৩ সালে খিজির রাজনৈতিক সহিংসতা নিয়ে ‘সাম্রাজ্য’ নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। ট্যাগলাইন ছিল- “রক্তের খেলায় ক্ষমতা বদলায়।” তবে পরে সেই সিনেমার আর কোনো আপডেট পাওয়া যায়নি। এবার তিনি জানালেন, আপাতত ‘সাম্রাজ্য’ নয়; বরং পিলখানার করুণ হত্যাকাণ্ড নিয়েই তাঁর নতুন সিনেমার কাজ শুরু হবে।