মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ রমজান, ১৪৪৭ হিজরি

সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ থাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব হিসাবসমূহে জমা রেখেছেন।

যে কোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।