অর্থনৈতিক প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে ব্যাপক দরপতনের পর দেশেও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
বুধবার (৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে।
বেঁধে দেওয়া নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৪ হাজার ২৪ টাকা।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে গত তিনদিন বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে বুধবার আন্তর্জাতিক বাজারে দরপতন লক্ষ্য করা যায়। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১৬৪ ডলার, যা গতকাল ছিল ৫ হাজার ৩৫৯ ডলার। এর আগে ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলার।
গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি সকালে বাজুস একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একধাপে সোনার দাম আর কখনো এতটা বাড়ানো হয়নি।