বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনে নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একাধিক গেজেট প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত দায়িত্বগুলোর মধ্যে পরিবর্তন এনে নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল।