শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং শীতাতপ নিয়ন্ত্রণের মাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সচিবালয়ে এসে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশ করেন। এরপর তিনি কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির মাত্রা ২৫ দশমিক ১-এ নামিয়ে আনেন। এতে বিদ্যুৎ খরচ কম হয়।

শুধু তাই নয়, মন্ত্রিসভায় বৈঠকে প্রবেশ করেই প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর। এ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী দিনের বেলা অফিস বা বাড়িঘরে লাইট কম ব্যবহার করে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন।