শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

মির্জা আব্বাসকে ভয়ভীতি, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তারা মামলার আবেদন জমা দিয়েছেন। সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাদীর অভিযোগে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নির্বাচনে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পত্রিকায় আরও বেশি করে মিথ্যা বক্তব্য ও হুমকি ছড়াচ্ছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে দেওয়া তার বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়ায় প্রকাশিত হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, “বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিয়ে নাম্বার ওয়ান গডফাদার ‘মির্জা আব্বাস’”— এ ধরনের বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মির্জা আব্বাস ৫ হাজারের বেশি ভোটে জয় পান। তবে ফল ঘোষণার পর ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।