সোমবার, ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ রমজান, ১৪৪৭ হিজরি

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করে বিপাকে সেই বিএনপি নেতা

মুক্তবাণী অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি।

রবিবার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।

নোটিশে বলা হয়, রবিবার সকালে আপনি (আশরাফুল ইসলাম) দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এ ধরনের দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে ঢাকার একটি আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। দলের অনুমতি ছাড়া এ মামলা করায় তাকে শোকজ করা হয়।