মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

মধ্যরাতে ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

‎নিজস্ব প্রতিবেদক : মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের সামনে নিয়মিতভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা জানান দেবীদ্বারের এমপি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর প্রায় তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন।

এনসিপির এই নেতা আরও জানান, দেবীদ্বার উপজেলায় বর্তমানে বিভিন্ন প্রকল্পের অধীনে একাধিক সড়ক উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব কাজ মূলত সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। দেবীদ্বারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা।

বিভিন্ন ইউনিয়নে অনেক সড়কের অবস্থা খারাপ হলেও পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন করা হবে। বর্তমানে কয়েকটি প্রকল্পের অধীনে একাধিক সড়কের কাজ চলছে এবং বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

হাসনাত আব্দুল্লাহ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীর গতিতে কাজ করার প্রবণতা থেকেও ঠিকাদারদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

ঈদ উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ কার্ডের তথ্য তুলে ধরে হাসনাত বলেন, পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, প্রকৃত উপকারভোগীদের মধ্যেই এসব কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির বিষয়েও কথা বলেন। এই কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য বরাদ্দ দিয়ে ১০টি অবকাঠামো উন্নয়নকাজ বাস্তবায়নের কথা জানান তিনি। পাশাপাশি দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

৪১ মিনিট ৪৪ সেকেন্ডের লাইভে হাসনাত আব্দুল্লাহ জানান, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহি’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এতে বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সহায়তার তথ্য জনগণ জানতে পারবেন। তিনি স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে তাদের সতর্কবার্তা দেন।

হাসনাত আরও জানান, বিদেশ থেকে দেবীদ্বারে ৩৯ কার্টুন খেজুর এসেছে। প্রতি কার্টুনে ৮ কেজি করে সর্বমোট ৩১২ কেজি খেজুর এসেছে। এই ৩১২ কেজি খেজুর ১৫টি ইউনিয়নে মাদ্রাসার মাধ্যমে বিলি করা হবে। খুব স্বল্প পরিমাণ, হয়তো ৩ কেজি করে পড়বে একেক এলাকায়।

ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্য থেকে উটের মাংস, দুম্বার মাংস আসবে বলেও জানান তিনি। সেগুলোও জবাবদিহির মাধ্যমে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হবে বলে জানান তিনি।