বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৩ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ‘সাহিদ সুপার ভিউ’ নামের একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শ্রীপুরের আল হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ‘সাহিদ সুপার ভিউ’ ভবনের নিচতলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি শাখাও রয়েছে। ভবনের তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গুদাম ও ভাড়া দেওয়া ফ্ল্যাট রয়েছে।

ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের ফুলকি ছিটকে ভবনের কয়েকটি কক্ষে গিয়ে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করলে তিনজন দগ্ধ হন এবং আরও কয়েকজন সামান্য আহত হন।

এদিকে আগুন লাগার পর মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে কিছু সময়ের জন্য ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দগ্ধ ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফুলকি ছিটকে পড়ায় কয়েকজন দগ্ধ হন। আতঙ্কের কারণে ছুটাছুটি করতে গিয়ে আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রান্সফরমার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।