নিজস্ব প্রতিবেদক : কৃষিখাতে আধুনিকায়ন ও প্রান্তিক চাষিদের সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন এবং কৃষকদের ডাটাবেজ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ কার্ডটির প্রযুক্তিগত নিরাপত্তা ও অর্থনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। এছাড়া বৈঠকে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে নির্দেশ দেন যেন কোনো প্রকৃত কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত না হন এবং কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় থাকে।