মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

বিদায় নিলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান, নতুন নিয়োগ শিগগির

নিজস্ব প্রতিবেদক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে চুক্তির মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। রোববার (১৫ মার্চ) র‍্যাব সদর দপ্তরে এক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায়ি সংবর্ধনা জানানো হয়।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ডিজি শহিদুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ রোববারই শেষ হয়েছে। বিদায়ি দিনে তিনি র‍্যাব ফোর্সেসের দরবারে অংশ নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে শেষ কর্মদিবস অতিবাহিত করেন। নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদকে ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাবের শীর্ষ পদে নতুন মুখ কে আসছেন, তা নিয়ে ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন চৌকস কর্মকর্তাকে শিগ্‌গির দায়িত্ব দেওয়া হবে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন যে-কোনো সময় জারি হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি শহিদুর রহমানকে ওই বছরের ৭ অাগস্ট র‌্যাবের মহাপরিচালক করা হয়। বিসিএস ১২তম ব্যাচের এই কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হলে অন্তর্বর্তী সরকার ওই বছরেই তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে র‌্যাবের ডিজি পদে রেখে দেয়। পরে গত বছর তার মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়।