মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে র‍্যাব-পুলিশ

বিশেষ প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ছিনতাই, ডাকাতি ও টিকিট কালোবাজারি ঠেকাতে র‍্যাব ও পুলিশ চেকপোস্ট বসানো, অতিরিক্ত টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে।

বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। একইসঙ্গে ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, আগের ঈদে সংঘটিত অপরাধ বিশ্লেষণ করে এবার কার্যক্রম সাজানো হয়েছে। ছিনতাই-রাহাজানি রোধে নির্দিষ্ট সময় অনুযায়ী টহল পরিচালনা করা হবে। টিকিট কালোবাজারি ঠেকাতে গাবতলী, সায়েদাবাদ, ট্রেন স্টেশন ও লঞ্চ টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম ও সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বাস ও রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফাঁকা ঢাকায় বাসাবাড়ির নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি, মোবাইল টিম ও চেকপোস্টের ব্যবস্থা রাখা হয়েছে।

আইজিপি মো. আলী হোসেন ফকির নির্দেশ দিয়েছেন, মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ একযোগে কাজ করবে। একইসঙ্গে শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত অসন্তোষ এড়াতে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের অন্তত ১০ দিন আগে জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডোরের সংস্কারকাজ শেষ করতে হবে। টার্মিনালগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করে বিআরটিএ ও পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করা হবে।

ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদ উদযাপনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।