ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিসেস দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতার নাম করিমুন্নেছা খাতুন চৌধুরী।
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও হুইপরা। এ ছাড়া বিভিন্ন সংসদ সদস্য, বিএনপির নেতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ আগামী ২৯ মার্চ (রোববার) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। মরহুমার প্রথম জানাজা আগামী ৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।