নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত সাত জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতদের মধ্যে পাঁচ জনের লাশ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং একজনকে সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের লাশ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত প্রত্যেক বাংলাদেশির পরিবারের জন্য সরকার ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। অবশিষ্ট লাশগুলোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর জন্য সরকার কাজ করছে এবং এক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট যেন গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্কতা রাখা হচ্ছে।
গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুন গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।