বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীর্ঘ আত্মগোপনের পর সাবেক নারী এমপি গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সফুরা বেগম দীর্ঘদিন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।