বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে’

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাঁদের মধ্যে পাঁচজনের লাশ দেশে আনা হয়েছে এবং একজনের দাফন সম্পন্ন হয়েছে মধ্যপ্রাচ্যে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের লাশ দেশে পৌঁছায়। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে তিনি নিহত হন। সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটে তার লাশ দেশে আসে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে দাফন কাজের জন্য নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

লাশ হস্তান্তরের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি যারা এখনও মধ্যপ্রাচ্যে আটকে আছেন, তাদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।

আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, শাহ আলম গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল ৬টার দিকে আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় নিহত হন। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে তার মৃত্যু হয়।