ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে, রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। ফয়সাল করিম বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র্যাব-২ অভিযান চালায়। পালানোর চেষ্টা করার সময় ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরদিন আদাবর থানায় র্যাবের হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফয়সাল করিম দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও খুন-জখমসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করতেন।
তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।