বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিমানবন্দর থেকে গাজীপুরে ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার ঢাকা-১৮ আসনের দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারের নেওয়া বহুমুখী উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যাতায়াত সময় কমে আসবে মাত্র ৩৫-৪০ মিনিটে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়।

লিখিত জবাবে মন্ত্রী জানান, বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি সড়ক বিভাগের আওতাধীন। যানজট নিয়ন্ত্রণে ইতোমধ্যে বলাকা ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কাওলা এলাকার সড়ক প্রশস্ত করা হয়েছে। পাশাপাশি আধুনিক সড়ক বিভাজক স্থাপন করে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে এই এলাকায় যানজট নিরসনে তিনটি প্রধান প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে-

  • মেট্রোরেল (এমআরটি) লাইন-১ : বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত এমআরটি লাইন-১ এর নির্মাণকাজ চলছে। এটি চালু হলে উত্তরা ও খিলক্ষেত এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
  • বিআরটি প্রকল্প : বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। বিদ্যমান সড়ককে আট লেনে উন্নীত করা হচ্ছে, নির্মিত হয়েছে আটটি ফ্লাইওভার ও ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক। প্রকল্পটি চালু হলে মাত্র ৩৫-৪০ মিনিটে যাতায়াত সম্ভব হবে।
  • ৩৪০টি এসি বাস সংগ্রহ : বিআরটিসির মাধ্যমে ৩৪০টি একতলা সিএনজিচালিত এসি বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো চালু হলে উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত রুটে উন্নত সেবা নিশ্চিত হবে এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ঢাকা-১৮ আসনের জনগণের যাতায়াত ব্যবস্থা হবে আধুনিক, সাশ্রয়ী ও সম্পূর্ণ যানজটমুক্ত।