মুক্তবাণী অনলাইন : আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চপর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।
ইরানের প্রতিনিধিদল গতকাল শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছেন। দলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত ইসলামাবাদে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস থাকা রাজধানীর ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও পরে তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ।
রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশী-বিদেশী সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে। পাকিস্তান সরকার সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
তবে শেষ পর্যন্ত আলোচনা হবে কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধবিরতির অভিযোগ তুলেছে ইরান।
অন্যদিকে যুদ্ধ বিরতির চুক্তিতে লেবানন না থাকার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এনিয়ে কোনো মন্তব্যই করেনি ইসরাইল।
এদিকে চুক্তিভঙ্গের বিষয়ে পরস্পরের দিকে আঙ্গুল তুললেও যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
তবে শর্ত পূরণ না হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও এসেছে উভয়পক্ষ থেকেই।
সূত্র : বিবিসি ও অন্যান্য