আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ওয়াশিংটন থেকে সরকারি বিমান এয়ারফোর্স ২-এ রওনা হয় মার্কিন প্রতিনিধি দলটি। এতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারসহ একাধিক মার্কিন কর্মকর্তা ছিলেন।
দলটির যাত্রা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি প্রতিনিধি দলকে কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কিছু সময় আগে সেখানে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে আসা এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।