শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ স্টেশনে

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চালু করেছে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ফুয়েল পাস’। মূল লক্ষ্য হলো জ্বালানি বিতরণ কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনা।

প্রথমে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এই সেবা চালু করা হলেও শনিবার (১১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরও পাঁচটি পাম্পকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফলে বর্তমানে মোট সাতটি স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে তেল সংগ্রহ করা যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে এসব পাম্পে মোটরসাইকেল চালকরা শুধুমাত্র ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করেই পেট্রোল ও অকটেন নিতে পারবেন। ধাপে ধাপে এই সুবিধা সারাদেশে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, মনুষ্যচালিত প্রক্রিয়ার কারণে বিলম্ব ও অনিয়ম তৈরি হচ্ছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দীর্ঘ সারি দেখা যাচ্ছে, একই ব্যক্তি একাধিকবার এসে প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন—যা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল ব্যবস্থা পুরো বিতরণ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করবে এবং তাৎক্ষণিক নজরদারির আওতায় আনবে।

গ্রাহকদের কারও স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ফিলিং স্টেশনের মালিকরা ডিজিটাল এন্ট্রি করার পরই গ্রাহকদের তেল বিতরণ করবেন। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নির্ধারিত বরাদ্দের পরিমাণও দেখা যাবে।

কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণের অবস্থা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে। এতে স্বচ্ছতা বাড়বে, অপচয় কমবে এবং সংকটকালীন সময়ে কার্যকর ব্যবস্থাপনা সম্ভব হবে।

এই সুবিধা পেতে গ্রাহককে গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করতে হবে। নিবন্ধনের জন্য ফোন নম্বর যাচাই ছাড়াও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, জাতীয় পরিচয়পত্র, গাড়ির ব্লুবুক বা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।

বর্তমানে রাজধানীর যেসব স্টেশনে এই সেবা পাওয়া যাচ্ছে সেগুলো হলো- তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।