নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন ।
এর আগে, গত মঙ্গলবার ভোরে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওইদিনই তাকে আদালতে হাজির করে জুলাই আন্দোলনের লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন করে ডিবি।
দুপুরে একটি সাদা মাইক্রোবাসে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শিরীন শারমিনকে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলাকালে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় আশরাফুল ওরফে ফাহিমের চোখে গুলি লাগে। তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও শতাধিককে আসামি করে মামলা দায়ের করেন আশরাফুল।
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত বছরের ২২ মে আশ্রয় গ্রহণকারীদের একটি তালিকা প্রকাশ করে, যেখানে শিরীন শারমিনের নামও ছিল।
শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে তিনি টানা এ দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ১৫ আগস্ট সংসদের ডেপুটি স্পিকার শামসুল হককেও গ্রেপ্তার করে পুলিশ।