মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

বোর্ড প্রধান হয়েই বুলবুলের সিদ্ধান্ত বদলাল তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সময়ে বিদ্রোহী ক্লাবগুলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি ছিল না। ফলে তাঁর অধীনে ডিপিএল আয়োজন সম্ভব হয়নি। প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ আয়োজন হলেও সব দলের অংশগ্রহণ ছিল না। সব মিলিয়ে ঢাকার ক্লাব ক্রিকেট কার্যত স্থবির হয়ে পড়েছিল।

তবে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নিয়েই ডিপিএল চালুর উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। ১২ ক্লাবের সঙ্গে আলোচনা শেষে মে মাসের শুরুতে সুপার লিগ ছাড়াই ডিপিএল আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বুলবুলের বোর্ডের নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও পরিবর্তন করেছেন তিনি।

বুলবুলের সময়ে প্রথম বিভাগে ২০ ক্লাবের মধ্যে ১২ ক্লাব খেলেছিল, দ্বিতীয় বিভাগে ২৪ ক্লাবের মধ্যে অংশ নিয়েছিল ১২ ক্লাব। যারা খেলেনি তাদেরকে নিচের লিগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার সেই শাস্তি বাতিল করেছেন তামিম। প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর অবনমনের সিদ্ধান্ত বাতিল করেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এবারের ঢাকা লিগে কোনো বিভাগেই অবনমন বা ওপরের লিগে ওঠার সুযোগ রাখা হবে না। যদিও এমন সিদ্ধান্তে আপত্তি রয়েছে উপরের লিগে ওঠার সুযোগ পাওয়া চারটি ক্লাবের।