নিজস্ব প্রতিবেদক : আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, “পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবুও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”
রোববার (১২ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মো. সরওয়ার বলেন, রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। সিসি ক্যামেরা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে।
তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি ফোটানোতেও রয়েছে কড়াকড়ি। রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর প্রবেশ বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, শোভাযাত্রার পুরো রুট থাকবে নিরাপত্তার চাদরে আবৃত। কোনো হুমকির তথ্য নেই।