শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিরীন শারমিনকে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি। গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন পুলিশ তাঁর দুই দিনের রিমান্ড আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। আদালত উভয় আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন আশরাফুল ওরফে ফাহিম। পরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫–১২০ জনকে আসামি করে মামলা করা হয়।

২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে আসা শিরীন শারমিন ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।