নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক জাতীয় সেমিনারে তিনি এ বক্তব্য দেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, একসময় গণভোটকে হারাম বলা হয়, আবার অন্য সময় অর্ধেক হালাল বলা হয়। তিনি বলেন, সংসদে জনগণের অধিকার আদায়ের জন্যই তারা গেছেন, সুবিধা গ্রহণের জন্য নয়। অবৈধ কোনো দিকে তাদের দৃষ্টি যাবে না।
তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান কেবল ছাত্র বা রাজনীতিবিদদের আন্দোলন নয়। শহীদদের অধিকাংশই শ্রমিক, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নেমেছিলেন। তিনি সংসদের বর্তমান অবস্থাকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা গণভোটের রায়ের মাধ্যমে বাস্তবায়িত হবে।
ডা. শফিকুর রহমান বলেন, এই আন্দোলন কোনো সুবিধাবাদী আন্দোলন নয়, বরং শহীদদের রক্তের ওয়াদা এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আন্দোলন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন পাশে থাকে। কারো পারিবারিক রাজতন্ত্র বা ফ্যাসিবাদ বাংলাদেশে চলতে দেওয়া হবে না।
সংসদে জনগণের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা ও সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশংসা হবে জনগণের, সংসদে আলোচনার কেন্দ্রবিন্দু হবে জনগণের সমস্যা। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, জিহ্বা সংযত করতে হবে, কারণ জুলাই বিপ্লবের প্রজন্ম কোনো রক্তচক্ষু পরোয়া করে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রমুখ।