নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশ ও ভারতের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের মূলভিত্তি হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
সোমবার সংসদ ভবনে তার কার্যালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত ও নিকটতম প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে সমর্থন দেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এ সমর্থন প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে স্পিকার বলেন, সংসদ এখন প্রাণবন্ত এবং বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি সংসদীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময় কূটনৈতিক সম্পর্ককে আরও বেগবান করবে।
বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এ সময় নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রণয় ভার্মা তাকে অভিনন্দন জানান এবং ভারতের সংবিধানসহ একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।