মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

অপতথ্য মোকাবিলাই তথ্যপ্রবাহের বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ নিশ্চিত করার চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার।

তিনি উল্লেখ করেন, মানুষ যেমন তথ্যপ্রাপ্তির অধিকার চায়, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষাও এখন একটি মৌলিক অধিকার।

সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিনদিনব্যাপী ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো পুরোপুরি এনালগ সিস্টেম থেকে ডিজিটালে মানসিকভাবে রূপান্তরিত হতে পারেনি। ফলে বিদ্যমান ডিজিটাল সেবাগুলো মানুষ বিচ্ছিন্নভাবে ব্যবহার করছে, কিন্তু একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের পূর্ণ সুবিধা কাজে লাগানো যাচ্ছে না। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নীতিগত সংস্কার ছাড়া ডিজিটাল অগ্রগতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, ডিজিটাল ইকোসিস্টেমের বিশাল সম্ভাবনা বাস্তবায়নের জন্য নীতিগত, প্রযুক্তিগত ও অবকাঠামোগত সমন্বিত সংস্কার জরুরি। কিন্তু কাঠামোগত সীমাবদ্ধতা, প্রযুক্তিগত ঘাটতি এবং উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত প্রণোদনার অভাব অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

তথ্যমন্ত্রী বলেন, শুধু অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করলেই হবে না। মানুষকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন থেকে সুরক্ষা দেওয়াও এখন অত্যন্ত জরুরি। বিশ্বব্যাপী বড় ঘটনার আগে পারসেপশন ম্যানেজমেন্টের একটি ধারা কাজ করে, যেখানে যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তাই আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জনবান্ধব নীতি, কার্যকর ট্যাক্স কাঠামো এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ অপরিহার্য।

তিনি জোর দিয়ে বলেন, সরকারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা ও সেবা প্রদানকারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের যুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।