মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

জ্বালানি সহযোগিতা বাড়াতে আলজেরিয়াকে আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক এবং জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের চলমান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান সহযোগিতা পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং আলজেরিয়ার হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশেষভাবে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী শিক্ষা খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন এবং জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত আলজেরিয়ার পক্ষ থেকে জ্বালানি, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও বৈঠক বৃদ্ধির আহ্বান জানান।

রাষ্ট্রদূত আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।