মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘বিদ্যুতের দাম বাড়ালে নিত্যপণ্যের বাজারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে’

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দামে ইতোমধ্যেই উত্তাপ মাত্রা ছাড়িয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে নিত্যপণ্যের বাজারে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। জনগণের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক ইস্যু হলেও দেশের কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা এবং পরিকল্পনার ঘাটতিও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। সাম্প্রতিক সময়ে ইরান পাঁচটি জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী পারাপারের অনুমোদন দিলেও আমলাদের ব্যর্থতার কারণে চারটি জাহাজের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের অদক্ষতা ও ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে আর্থিক সংকট দেখা দিলেই তার বোঝা জনগণের ওপর চাপানোর প্রবণতা দেখা যায়। জনগণকে ব্যয় সংকোচনে বাধ্য করা হলেও সরকারের নিজস্ব ব্যয় সংকোচনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, অপচয় বন্ধ করতে হবে এবং কূটনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। এরপর বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে চিন্তা করা যেতে পারে।