নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য। এ সংসদ জনগণের সংসদ। এলাকার সম্মানিত ভোটারদের দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাদের কারণে সংসদে কথা বলতে পারছি। তাই ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নিজ এলাকার খ্রিস্টান কমিউনিটির বিশিষ্টজনদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘আমার এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজংসহ সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, পরবর্তীতে ইমাম প্রতিনিধি, হিন্দু পুরোহিত, গারো প্রতিনিধি, হাজং প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে।