আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইওয়াতে প্রিফেকচার উপকূলের অদূরে সংঘটিত এই কম্পনের পর আওমোরি প্রিফেকচার ও হোক্কাইডোসহ আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষভাবে নদী ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দেন।
বিদেশি নাগরিকদের সতর্ক করতে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের পর্দায় ইংরেজিতে ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’ বার্তা প্রচার করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়, যেখানে কয়েক মিনিট ধরে ভবন দুলতে দেখা যায়।