মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

‘২৪ বছর পর ব্রাজিলের সোনালী সুযোগ বিশ্বকাপ জয়ের’

স্পোর্টস ডেস্ক : ২০০২ সালের পর আর কখনো বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। এবার সেই খরা কাটানোর মোক্ষম সুযোগ এসেছে বলে আশাবাদী ব্রাজিলের দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। তার ভাষ্যে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য শিরোপা ফিরে পাওয়ার আদর্শ সময়।

স্পেনের মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাফু বলেন, “২৪ বছর আগে শেষবার শিরোপা জেতার পর, আমি মনে করি এটাই ব্রাজিলের জন্য একদম সোনালী সুযোগ বিশ্বকাপ জয়ের। আমরা এখন একজন সিরিয়াল উইনার কোচ পেয়েছি কার্লো আনচেলত্তি। তিনি ব্রাজিলের ঐতিহ্যে আরও বড় মর্যাদা যোগ করবেন।”

কাফু ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০০২-এর ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উঁচু করে ধরেছিলেন তিনি নিজেই। সাবেক এই তারকা বর্তমান দলকে নিয়ে বলেন, ব্রাজিলের মিডফিল্ড ও আক্রমণভাগ ইতিমধ্যেই শক্তিশালী। তাই আনচেলত্তি মূলত রক্ষণভাগকে আরও মজবুত করার দিকে নজর দিয়েছেন।

তিনি যোগ করেন, “বিশ্বকাপে যদি ব্রাজিল গোল না খায়, তাহলে প্রতি ম্যাচে অন্তত একটা গোল করা তাদের জন্য নিশ্চিত।”

কাফু আশা প্রকাশ করেন যে, বিতর্কে জড়িয়ে পড়া রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করবেন। তিনি বলেন, “বিশ্বকাপই যেকোনো বিতর্ক কাটিয়ে ওঠার সবচেয়ে ভালো উপায়। যদি ফাইনাল পর্যন্ত যায়, তাহলে আট ম্যাচে ভিনিসিয়ুস নিজের সেরাটা দেখিয়ে পুরো বিশ্বকে প্রমাণ করতে পারবেন তিনি কী করতে পারেন।”

সম্প্রতি ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে ভিনিসিয়ুস অ্যাসিস্ট করেছেন, যা ফ্রান্সের কাছে হারের পর সন্দেহ অনেকটা দূর করেছে। ১৯ বছর বয়সী এন্ড্রিকও সেই ম্যাচে চমক দেখিয়েছেন।

কাফু বলেন, “এন্ড্রিকের জন্য এখন ভালো সময়। গত বছর লিওঁতে লোনে যাওয়ার সিদ্ধান্ত তাকে অনেক উপকার করেছে। সেখানে খেলার সুযোগ পেয়ে সে বেড়ে উঠেছে, নিজের ছাপ রেখেছে এবং মূল খেলোয়াড় হয়ে উঠেছে। রিয়াল মাদ্রিদের মতো তারকাখচিত দলে তরুণদের জন্য মূল জায়গা পাওয়া কঠিন। এন্ড্রিক ব্রাজিলকে অনেক কিছু দিতে পারবে। আমি নিশ্চিত, আনচেলত্তি তাকে ভালোভাবে দেখছেন।”