খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী|
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহালছড়ি জোনের তত্ত্বাবধানে মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়|
লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও রোটারি ক্লাবের সার্বিক সহযোগিতায় পরিচালিত ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন| পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাসেবাও প্রদান করা হয়|
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে সর্বমোট ৫৬৮ জন চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন| এর মধ্যে ২৯৬ জন পাহাড়ি ও ২৭২ জন বাঙালি| এছাড়া অন্যান্য রোগের চিকিৎসাসেবা নেন ৪৫৭ জন, যার মধ্যে ২৫৫ জন পাহাড়ি এবং ২০২ জন বাঙালি|

ক্যাম্পেইনে মোট ৫০৪ জন মহিলা, ৪২৬ জন পুরুষ এবং ৯৫ জন শিশু অংশগ্রহণ করেন| এ সময় ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়| এছাড়া আরও ১২৭ জন রোগীকে পরবর্তীতে ওষুধ ও চশমা প্রদানের জন্য নিবন্ধন করা হয়েছে|
চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে ১৭৪ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন ধরনের চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে| পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা|
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যাতায়াত সমস্যার কথা বিবেচনায় নিয়ে মহালছড়ি জোনের পক্ষ থেকে মহালছড়ি ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা মোট ৪৩৮ জন রোগীকে একাধিক যানবাহনের মাধ্যমে যাতায়াত সহায়তা প্রদান করা হয়|
চক্ষু চিকিৎসার পাশাপাশি মহালছড়ি জোনের মেডিকেল অফিসারের সঙ্গে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন|
স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনকল্যাণমূলক কার্যক্রম সফল হয়েছে বলে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন|