নিজস্ব প্রতিবেদক : ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আলোচনায় এসেছে গণমাধ্যম সংশ্লিষ্ট দুই পরিচিত মুখ। সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ।
একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধেও প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন।
ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম দাবি করেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার সময় বিভিন্ন বক্তব্য ও গণমাধ্যমের প্রচারণা ঘটনাটিকে প্রভাবিত করেছিল।
শুনানি শেষে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের আদালতে হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ১৪ মে। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে এ মামলায় কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্য কারাগারে রয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হতাহতের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।