মো. হাফিজ উদ্দিন :
আধুনিক ব্যবস্থাপনা শাস্ত্রে নেতৃত্বকে প্রায়শই পদবি, ক্ষমতা, নির্বাচন বা কর্তৃত্বের ফ্রেমে বেঁধে ফেলা হয়। কিন্তু পবিত্র কুরআনের সুরা কাহাফ আমাদেরকে নিয়ে যায় এক গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক সফরে। এখানে নেতৃত্বকে কোনো উপাধি বা পদ হিসেবে দেখানো হয়নি, বরং এটিকে উপস্থাপন করা হয়েছে ‘মুহূর্তের চেতনা’ হিসেবে। যখন কোনো জাতি বা গোষ্ঠী অস্তিত্বের সংকটে পড়ে, তখন তাদের ভেতর থেকেই নেতৃত্বের স্ফুরণ ঘটে। সুরা কাহাফে তিনটি ভিন্ন প্রেক্ষাপটে তিনটি ভিন্ন ধরনের নেতৃত্বের চিত্র ফুটে উঠেছে-সংকটে অটল তারুণ্যের নেতৃত্ব, জ্ঞান অন্বেষণে বিনয়ী নবীর নেতৃত্ব এবং ন্যায়পরায়ণ প্রতাপশালী শাসকের নেতৃত্ব। এই তিনটি দৃষ্টান্ত মিলে সফল নেতৃত্বের এক পূর্ণাঙ্গ পাঠশালা তৈরি করে, যা আজকের কর্পোরেট, রাজনৈতিক ও সামাজিক জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক।
আসহাবে কাহাফ: সংকটকালীন সমন্বিত নেতৃত্ব
সুরা কাহাফের শুরুতে আমরা দেখি একদল সাহসী যুবককে, যারা তাউতের অত্যাচারী শাসনের বিরুদ্ধে ঈমানের দাবিতে চরম অস্তিত্ব সংকটে পড়েছিলেন। চারদিক থেকে বিপদ যখন ঘিরে ধরেছে, তখন তাদের মধ্য থেকে একজন ধীরস্থির কণ্ঠে প্রস্তাব দেন, “অতএব তোমরা গুহায় আশ্রয় নাও; তোমাদের পালনকর্তা তোমাদের জন্য তাঁর করুণা বিস্তার করবেন।” (সুরা কাহাফ, আয়াত: ১৬)। এই সিদ্ধান্ত ছিল শুধু পালিয়ে যাওয়ার নয়, বরং আল্লাহর করুণার উপর পূর্ণ আস্থা রাখার এক গভীর ভিশন।
এখানে নেতৃত্বের সবচেয়ে বড় শিক্ষা হলো সংকটকালীন দৃষ্টিভঙ্গি। একজন সত্যিকারের নেতা ঘোর অন্ধকারেও আশার আলো দেখাতে পারেন। তিনি শুধু সমস্যা চিহ্নিত করেন না, বরং সমাধানের পথে আল্লাহর উপর ভরসা যোগান। গুহায় ঘুম থেকে জাগার পর যুবকদের খাবার সংগ্রহের প্রক্রিয়াটি আধুনিক নেতৃত্বের অনেক মূলনীতি শেখায়। কাকে পাঠানো হবে, সঙ্গে কী পরিমাণ সম্পদ নেওয়া হবে, কীভাবে গোপনীয়তা রক্ষা করা হবে–এসব সিদ্ধান্ত ছিল অত্যন্ত চিন্তাশীল ও পেশাদার। নেতৃত্ব এখানে একক ছিল না, বরং যৌথ প্রজ্ঞা ও অংশীদারত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কেউ কারো উপর জোর খাটাননি। আলোচনার মাধ্যমে সবাই মিলে সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ বেছে নিয়েছিলেন।
আজকের সংকটময় বিশ্বে-চাকরি হারানো, সামাজিক চাপ বা সাংগঠনিক সংকটে–এই ধরনের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শেখায় যে, সত্যিকারের নেতা দলের সদস্যদেরকে শুধু অনুসরণকারী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের অংশীদার বানান। এতে আস্থা বৃদ্ধি পায় এবং দল আরও শক্তিশালী হয়।
হযরত মুসা ও খিজির: জ্ঞানভিত্তিক মেন্টরশিপ নেতৃত্ব
সুরা কাহাফের দ্বিতীয় অংশে আমরা জ্ঞান অন্বেষণের এক অসাধারণ যাত্রা দেখি। হজরত মুসা (আ.)-এর মতো একজন মহান নবীও জ্ঞানের খোঁজে বের হয়েছিলেন এবং খিজির (আ.)-এর সাথে মিলিত হয়েছিলেন। খিজির (আ.) স্পষ্ট শর্ত দিয়ে বলেন, “যদি তুমি আমার অনুসরণ করোই, তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি নিজেই তোমাকে সে বিষয়ে কিছু বলি।” (সুরা কাহাফ, আয়াত: ৭০)।
এই ঘটনা নেতৃত্বের এক গভীর মাত্রা উন্মোচিত করে। নেতৃত্ব এখানে কেবল আদেশ দেওয়া নয়, বরং অনুসারীর মনন গঠন ও চরিত্র তৈরি করা। খিজির (আ.) শিক্ষার একটি পরিষ্কার কাঠামো তৈরি করে দিয়েছিলেন। তিনি শেখান যে, জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অপরিহার্য। বাহ্যিকভাবে যা খারাপ মনে হয়, তা আসলে দূরদর্শী কল্যাণের কারণ হতে পারে। নৌকা ফুটো করা, দেওয়াল মেরামত করা এবং একটি শহরের লোকদের আচরণ—প্রতিটি ঘটনায় খিজির (আ.) পরবর্তীতে তার রহস্য ব্যাখ্যা করেছেন।
এখান থেকে নেতৃত্বের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো গভীর পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি। সফল নেতা শুধু চোখের সামনের ঘটনা দেখেন না, বরং তার সুদূরপ্রসারী ফলাফল বিচার করেন। একইসাথে তিনি নিজেকে সারাজীবন ছাত্র হিসেবে রাখেন। মুসা (আ.)-এর মতো মহান ব্যক্তিত্বও বিনয়ের সাথে শিক্ষা গ্রহণ করেছেন। আধুনিক পরিভাষায় এটি ‘মেন্টরশিপ লিডারশিপ’। আজকের কর্পোরেট জগতে যেখানে নেতারা প্রায়ই ‘আমি সব জানি’ মনোভাব পোষণ করেন, সেখানে এই শিক্ষা অত্যন্ত মূল্যবান। একজন নেতাকে জানতে হয় কখন কথা বলতে হবে এবং কখন চুপ থেকে অন্যকে শিখতে দিতে হবে।
জুলকারনাইন: কৌশলগত ও অংশগ্রহণমূলক নেতৃত্ব
সুরা কাহাফের শেষাংশে আমরা জুলকারনাইনের চরিত্র দেখি–এক মহাপ্রতাপশালী শাসক, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত এলাকায় শাসন করতেন। তাঁর আসল নেতৃত্বের পরিচয় পাওয়া যায় যখন এক দুর্বল জাতি তাঁর কাছে ইয়াজুজ-মাজুজের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রাচীর তৈরির আবেদন জানায়। জুলকারনাইন কোনো পারিশ্রমিক নেননি। তিনি তাদের শ্রম ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে একটি অসাধারণ প্রকল্প বাস্তবায়ন করেন। লোহার খণ্ড সংগ্রহ, আগুনের সাহায্যে গরম করা এবং গলিত তামা ঢেলে প্রাচীর তৈরি–পুরো প্রক্রিয়াটি ছিল সুসংগঠিত প্রকল্প ব্যবস্থাপনার উদাহরণ।
এখানে নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হলো কৌশলগত চিন্তা, সম্পদের সঠিক ব্যবহার এবং জনগণকে কাজের অংশীদার বানানো। তিনি নিজে সবকিছু করেননি, বরং স্থানীয় মানুষদের সক্ষমতাকে কাজে লাগিয়েছেন। ফলে প্রাচীরটি শুধু একটি নিরাপত্তা ব্যবস্থা হয়নি, বরং জাতিকে আত্মনির্ভরশীল করে তুলেছে। এটি আধুনিক ‘এমপাওয়ারিং লিডারশিপ’-এর সবচেয়ে সুন্দর উদাহরণ। জুলকারনাইন দেখিয়েছেন যে, সত্যিকারের নেতা ক্ষমতা প্রদর্শনের জন্য নয়, বরং জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্য কাজ করেন। তিনি ন্যায়বিচার ও দায়িত্বশীলতার সাথে ক্ষমতা ব্যবহার করেছেন।
উপসংহার
সুরা কাহাফ থেকে নেতৃত্বের তিনটি মডেল-সংকটকালীন সমন্বিত নেতৃত্ব, জ্ঞানভিত্তিক মেন্টরশিপ এবং কৌশলগত অংশগ্রহণমূলক নেতৃত্ব-আমাদেরকে শেখায় যে নেতৃত্ব কোনো একমাত্রিক বিষয় নয়। এটি পরিস্থিতি অনুসারে রূপ পরিবর্তন করে। আসহাবে কাহাফ থেকে আমরা শিখি বিশ্বাস ও ঐক্যের শক্তি, খিজির (আ.) থেকে শিখি ধৈর্য ও অন্তর্দৃষ্টি, আর জুলকারনাইন থেকে শিখি দূরদর্শিতা ও জনকল্যাণ