নিজস্ব প্রতিবেদক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালু করা যায়। চীনা বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।-সূত্র: আল জাজিরা।
এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদের সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে ওয়াং ইকে অবহিত করেন। একই সঙ্গে তিনি এ উদ্যোগে চীনের সমর্থনের জন্য বেইজিংকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা প্রকাশ করেন।
ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকাকে প্রশংসা করে বলেন, এই প্রচেষ্টা অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রসারণে সহায়ক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় আত্মবিশ্বাসের সঙ্গে তার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেইজিং পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাবে এবং এ সংকট নিরসনে নিজস্ব ভূমিকাও পালন করবে।