নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে আইনমন্ত্রী নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর স্বপ্নাকে আটক করে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে অজ্ঞাত আসামি পলাতক রয়েছেন।
মামলার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে সোহেল। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রধান আসামি ম্যাজিস্ট্রেটের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।
এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরে রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাত ৮টার দিকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।