মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের ঈদুল আযহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের|

ঈদ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জল পবিত্র ঈদুল আযহা আমাদের সকলের জীবনকে আরো উদ্ভাসিত করুন মহান আল্লাহর কাছে আমরা এই কামনা করছি| আল্লাহর নির্দেশ পালনে নবী ইব্রাহীম (আ.) নিজের প্রিয় সন্তানকে কুরবানি করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন| অন্যদিকে, তাঁর প্রিয় সন্তান নবী ইসমাঈল (আ.)ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের জীবনকে উৎসর্গিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন| কিন্তু সেস্থলে মহান আল্লাহ সুবহানাহু তাআলা ইসমাইল (আ.) এর পরিবর্তে একটি দুম্বা কুরবানির ব্যবস্থা করেন| তাঁদের এই চরম আনুগত্য ও আত্মত্যাগের ঘটনাকে মহান আল্লাহর পক্ষ থেকে পরবর্তীদের জন্য স্মরণীয় ও অনুকরণীয় করে রাখার ব্যবস্থা হচ্ছে পবিত্র হজ্ব ও ঈদুল আযহায় পশু কুরবানি|

পশু জবাই করার সাথে সাথে আমাদের মনের পশুত্বকেও কুরবানি দিয়ে ইসমাঈলী চেতনায় নিজেদেরকে শানিত করতে হবে| পবিত্র ঈদুল আযহা আমাদেরকে মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং তাকওয়া ভিত্তিক একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সর্বোচ্চ আত্মত্যাগের শিক্ষা দেয়| ঈদুল আযহা সমাজে সমতা, দানশীলতা ও ভাতৃত্ববোধ শিক্ষা দেয়|

খেলাফত মজলিস নেতৃদ্বয় আরো বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে নিষ্পেষণের পর জনগণ এবার ২য় বারের মত নির্ভীক চিত্তে ঈদুল আযহার আনন্দ উদযাপন করতে যাচ্ছে| ফ্যাসিস্ট অপশক্তির নির্মম নির্যাতনে হতাহতদের পরিবারগুলোতেও ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে পড়ুক কামনা করছি| শহীদ পরিবারগুলোতেও ঈদের শুভেচ্ছা পৌঁছে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি| দরিদ্র-অসহায় মানুষও যাতে ঈদের দিন কুরবানির গোস্ত উপভোগ করতে পারে সামর্থবানদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে| কুরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে| নারী-শিশুর নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে| সড়ক ও ঘর-বাড়ীর নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগীতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে|

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ ও মুসলিম বিশ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| মিয়ানমারের উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক অধিকার দিয়ে আরাকানে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ কামনা করছি| ভারতের বিভিন্ন রাজ্য সরকার ঈদুল আযহায় পশু কুরবানিতে বাধাদান করছে| আমরা ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সকল নির্যাতিত মানুষের মুক্তি কামনা করছি|