বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজের শুরুর ম্যাচে আজ মুখোমুখি দুই দল।

এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে টসে। অজি অধিনায়ক জশ ইংলিস টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। যার ফলে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা শেষ কদিন ধরে যেন একটু আড়ালেই পড়ে ছিল। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। এদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে।

এরই মধ্যে আজ অনেকটাই নিরবে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘একটাই লক্ষ্য, ভালো খেলব এবং জিতব।’

পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার আধিপত্য স্পষ্ট। ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র একবারই অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে কার্ডিফের সেই স্মরণীয় ম্যাচে। তবে সময় বদলেছে। এখন ঘরের মাঠে বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী, পরিণত। আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামছে মিরাজের দল।