খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। রোমাঞ্চকর এ ম্যাচে ব্রাজিল ৬-৫ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে এক গোলের ব্যবধানে জয় লাভ করে ব্রাজিল দল।
রোববার বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে খাগড়াছড়ি ৩নং পৌর ওয়ার্ডের শব্দমিয়া পাড়া যুব সমাজ ও ক্লাব নবজাগরণী সংঘের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
শুরু থেকেই দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ। খেলা দেখতে আসা দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা। তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে যুব সমাজকে খেলামুখী করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খেলার আয়োজক কমিটির ও ৩নং পৌর ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি মো. আব্দুল হালিম বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য এমন আয়োজন।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সম্প্রীতি, সৌহার্দ্য ও সুস্থ বিনোদনকে উৎসাহিত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।